কুমিল্লার হোমনায় এক বৃদ্ধের স্বাভাবিক মৃত্যুকে 'হত্যা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার(৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরচর গ্রামের আপন দুলাল (৬০) সকালে তাঁর ভাতিজা (তালা প্রতীকের সমর্থক) মো. মবিনকে বিএনপির জনসভায় যাওয়ার জন্য অনুরোধ করেন। মবিন রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরই আপন দুলাল অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।তবে ঘটনার পর একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দিয়ে 'হত্যা' বলে প্রচার শুরু করে এবং ময়নাতদন্তের দাবি তোলে।
এদিকে মৃত আপন দুলালের ছেলে মো. আনিসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করে জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এটি একটি স্বাভাবিক মৃত্যু।
তিনি ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রার্থনা করেন।মৃতের ছেলে মো. আনিসুর রহমান বলেন, "আমার বাবা হার্টের রোগী ছিলেন। সকালে তিনি হার্ট অ্যাটাক করেই মারা গেছেন। আমি আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছিলাম। কিন্তু ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখালেখির কারণে পুলিশ এখন লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।"
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, "মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে ফেসবুকে নানা রকম লেখালেখি হচ্ছে এবং ৯৯৯ থেকেও কল আসছে। তাই জনমনে সৃষ্ট সন্দেহ দূর করতে ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এনআই